তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার মামলা
মেঘনাবার্তা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে এই আবেদন দাখিল করেন।
মামলায় কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম এইচ) ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযুক্ত করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, জবানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন, গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্যমূল্য পাওয়াই এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ।
এর পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’
বাদীর দাবি, তারেক রহমান কোনো বিলাসবহুল বা ব্যয়বহুল গাড়ি কেনেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করারই অপচেষ্টা চালিয়েছেন অভিযুক্ত।
এমবি/এসআর

