পুলিশের লাঠিচার্জে আহত ১০ জুলাইযোদ্ধা ঢাকা মেডিক্যালে (ঢামেকে)

Oct 17, 2025 - 20:15
 0  3
পুলিশের লাঠিচার্জে আহত ১০ জুলাইযোদ্ধা  ঢাকা মেডিক্যালে (ঢামেকে)

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন জুলাইযোদ্ধা। আহতদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর আহতদের ঢামেকে নেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন—সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।

আহত আতিকুল গাজী জানান, তিনি উত্তরা থেকে আসেন জুলাই সনদ স্বাক্ষরের প্রতিবাদ জানাতে। “আমরা মানিক মিয়া এভিনিউতে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। কিন্তু পুলিশ আমাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। এতে আমরা কয়েকজন আহত হই,” বলেন তিনি।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “আহতদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।”

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৫ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশ করেন। তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মূল মঞ্চ ও অতিথি আসনের অংশে বসে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের মতামত বা পরামর্শ নেয়া হয়নি, ফলে এটি জনগণের প্রতিনিধিত্ব করছে না। তাদের দাবি, ঘোষণাপত্রের মতোই এই সনদেও আইনগত ভিত্তির অভাব ও অবমূল্যায়ন রয়েছে।

এমবি/এসআর