জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই বিনা নোটিশে সাইট ব্লক করবে সরকার
অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করলেই বিনা নোটিশে সাইট ব্লক করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করলেই বিনা নোটিশে সাইট ব্লক করে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থি ও দণ্ডনীয় অপরাধ।
সরকার এর আগেও একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজের মাধ্যমে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, ১৯ অক্টোবর (রোববার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
সরকারের সতর্কতার পর এরই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম তাদের অ্যাডসেন্স পরিবর্তন করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সরকার সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।
এমবি এইচআর

