দেশে ফিরবেন ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল সংকটের কারণে আগামী ৯ মাসের মধ্যে অন্তত ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী দেশে প্রত্যাহার করা হবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল সংকটের কারণে আগামী ৯ মাসের মধ্যে অন্তত ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী দেশে প্রত্যাহার করা হবে। বাজেট হ্রাসের কারণে পাঁচটি মিশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতিসংঘের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা শেরিল পিয়ার্স বাংলাদেশের স্থায়ী মিশনে চিঠি পাঠিয়ে প্রত্যাহারের তথ্য জানিয়েছেন। মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৫ শতাংশ বাজেট হ্রাস পরিকল্পনার নির্দেশ দিয়েছেন। যদিও এটি সরাসরি জনবল কমানোর নির্দেশ নয়, তবে মাঠপর্যায়ে শান্তিরক্ষীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে।
প্রত্যাহারের তালিকায় রয়েছে দক্ষিণ সুদানের ইউএনমিস মিশন থেকে ৬১৭ জন, মধ্য আফ্রিকার মিনুসকা মিশন থেকে ৩৪১ জন, সুদানের আবেই অঞ্চলের ইউনিসেফ মিশন থেকে ২৬৮ জন, কঙ্গোর মনুসকো মিশন থেকে ৭৯ জন এবং পশ্চিম সাহারার মিনুরসো মিশন থেকে ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী।
বাংলাদেশি শান্তিরক্ষীর ‘নীল হেলমেট’ যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালে। পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীও শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। এ পর্যন্ত বাংলাদেশ প্রায় ৪৩টি দেশ ও অঞ্চলে ৬৩টি মিশনে অংশ নিয়েছে, যেখানে এক লাখ ৭৮ হাজার ৭৪৩ জন শান্তিরক্ষী নিয়োজিত ছিলেন।
বর্তমানে ৫,৬১৯ বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ১০টি দেশ ও অঞ্চলে দায়িত্ব পালন করছেন। এতে পশ্চিম সাহারা, সুদানের আবেই অঞ্চল, মধ্য আফ্রিকা, কঙ্গো, লেবানন ও দক্ষিণ সুদানসহ সাইপ্রাস, ইয়েমেন ও লিবিয়া অন্তর্ভুক্ত। বাংলাদেশি সেনা, নৌ ও বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বাংলাদেশ পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়। ২০২৫ সালের মে পর্যন্ত ২১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪ দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন।
এমবি এইচআর

