শিক্ষকদের আমরণ অনশন আজ, তীব্র হচ্ছে কর্মবিরতি
মেঘনাবার্তা প্রতিনিধি: সরকারি প্রস্তাবিত বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) মেনে নেওয়া থেকে বিরত থেকে, এমপিওভুক্ত শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) আমরণ অনশন শুরু করেছেন। পাশাপাশি দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও তীব্র করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বা ন্যূনতম দুই হাজার টাকা দেওয়া হবে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ৫ অক্টোবর তা প্রকাশের পর শিক্ষক-কর্মচারীরা এটা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা অন্তত ২–৩ হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।
রোববার বিকেলে রাজধানীতে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। ফলে বিকেল সাড়ে ৪টার দিকে তারা আবার শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এসময় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী জানান, সোমবার সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু হবে। তিনি বলেন, “আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি কোনো আস্থা নেই। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।”
শিক্ষকরা চাচ্ছেন মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ। ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই দাবিতে অন্দোলনে যুক্ত হয়েছেন।
এমবি/এসআর

