অষ্টম শ্রেণির বাংলা বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

Oct 20, 2025 - 15:55
 0  3
অষ্টম শ্রেণির বাংলা বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

মেঘনাবার্তা প্রতিনিধি: মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য বই ‘সাহিত্য কণিকা’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য শ্রেণির পাঠ্যবইয়ে ভাষণটি আগের মতোই থাকবে।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশীদ।

তিনি বলেন, “অষ্টম শ্রেণির বাংলা বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। এই বইয়ের সাহিত্য কাঠামোর সঙ্গে ভাষণটি মানানসই নয়। তবে অন্যান্য শ্রেণির বইয়ে বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অংশ হিসেবেই থাকবে।”

এর আগে ১৮ আগস্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষের বই অনুমোদনের সময় এই ভাষণ নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়।

বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, অধিকাংশই ‘সাহিত্য কণিকা’ বইয়ে ভাষণ রাখার বিপক্ষে ছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ও এনসিটিবির কিছু সদস্য সংক্ষেপিত আকারে ভাষণটি রাখার পক্ষে অবস্থান নেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলা সাহিত্য বইয়ে ভাষণটি রাখার বিষয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের ভাষণটি রাখার পক্ষে ছিলেন, যদিও তিনি এখন মন্ত্রণালয়ে নেই।

অন্যদিকে, শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জানান, বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়েই ৭ মার্চের ভাষণ বিশদভাবে অন্তর্ভুক্ত আছে। তাই সাহিত্য বইয়ে আবারও তা রাখার প্রয়োজন নেই বলেই সর্বশেষ সিদ্ধান্তে আসে উপদেষ্টা কমিটি।

এমবি/এসআর