তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে আপিল শুনানি

Oct 21, 2025 - 10:58
 0  2
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে আপিল শুনানি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেন আদালত।

পরবর্তীতে ড. বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কয়েকজন আবেদনকারী আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ২০১১ সালে আপিল বিভাগ ওই সংশোধনী বাতিল করে রায় দেয়, যার পরিপ্রেক্ষিতে একই বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয়।

বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান এই শুনানিতে ওই রায় পুনর্বিবেচনার দাবিই তুলে ধরেছেন আবেদনকারীরা।

এমবি/এসআর