দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলো পেল ৫ কোটি টাকার অনুদান

দেশের ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনসহ রাজধানী ঢাকার নির্বাচিত সংগঠনগুলোকে মোট ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Oct 21, 2025 - 18:04
 0  2
দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলো পেল ৫ কোটি টাকার অনুদান
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দেশের ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনসহ রাজধানী ঢাকার নির্বাচিত সংগঠনগুলোকে মোট ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব বলেন, অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো যুব সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে—তাদের সক্রিয় অংশগ্রহণে গড়ে উঠবে একটি দুর্নীতিমুক্ত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, যুব সংগঠনগুলো যদি সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ায়, তাহলে জাতি হবে আরও সংগঠিত ও সচেতন।

অনুষ্ঠানে আটটি নির্বাচিত সংগঠনের প্রতিনিধিদের হাতে প্রতীকীভাবে অনুদানের চেক তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার যুব সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুদান বিতরণের মাধ্যমে সরকার যুব উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা আনতে চায় বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এমবি এইচআর