জাতীয় প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার
দেশের যুবসমাজকে আত্মরক্ষায় সক্ষম করে তুলতে ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দেশের যুবসমাজকে আত্মরক্ষায় সক্ষম করে তুলতে ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮২৫০ জন যুবক ও ৬০০ জন তরুণীকে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে মৌলিক আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণার্থীদের এসএসসি পাস, শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। নির্বাচিতদের জন্য আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস প্রদান করবে বিকেএসপি। সফলভাবে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ৪২০০ টাকা ভাতা ও সনদপত্র পাবেন।
যেসব কেন্দ্রে প্রশিক্ষণ হবে:
-
বিকেএসপি ঢাকা: ৬০০ জন (শুধু নারীদের জন্য)
-
কক্সবাজার কেন্দ্র: ২৯৭০ জন
-
চট্টগ্রাম কেন্দ্র: ৬৪০ জন
-
খুলনা কেন্দ্র: ১১২০ জন
-
বরিশাল কেন্দ্র: ১২০০ জন
-
সিলেট কেন্দ্র: ১২০০ জন
-
দিনাজপুর কেন্দ্র: ১১২০ জন
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে, যা করা যাবে অনলাইনে bkspds.gov.bd ওয়েবসাইটে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম আত্মরক্ষায় সক্ষম হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তায়ও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এমবি এইচআর

