ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ রাতে
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশব্যাপী জারি করা ২২ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা আজ রাত ১২টায় শেষ হচ্ছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষে রবিবার (২৬ অক্টোবর) থেকে জেলেরা আবারও নদী ও সাগরে ইলিশ ধরতে পারবেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরামর্শে এ সময়সীমা নির্ধারণ করা হয়। প্রজনন মৌসুমে পূর্ণিমা ও অমাবস্যা—দুই পর্যায়েই মা ইলিশ ডিম ছাড়ে, তাই দুটি সময়কে অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞা কার্যকর রাখা হয়েছিল, যাতে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা যায়।
গবেষণায় জানা গেছে, ২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে সক্ষম হয়েছে। এতে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ উৎপন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব রেণু ইলিশ ভবিষ্যতে পরিপক্ব হয়ে ইলিশের প্রজনন সক্ষমতা ও উৎপাদন বাড়াবে।
এদিকে, নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকেই নদী ও সাগরে নামতে প্রস্তুত মৎস্যজীবীরা, যাদের জন্য এ সময়টি ছিল এক দীর্ঘ অপেক্ষা।
এমবি এইচআর