আজ শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন

আজ অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, প্রখ্যাত রাজনীতিবিদ ও জননেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫৩তম জন্মদিন।

Oct 26, 2025 - 11:37
 0  2
আজ শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আজ অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, প্রখ্যাত রাজনীতিবিদ ও জননেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫৩তম জন্মদিন। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জনতার নেতা হিসেবে তিনি ইতিহাসে ‘শেরে বাংলা’ ও ‘হক সাহেব’ নামে অমর হয়ে আছেন।

শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন কৃষকবান্ধব রাজনীতিবিদ। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষকদের দুর্দশা লাঘবে তিনি ঋণ সালিশি আইনসহ একাধিক যুগান্তকারী আইন পাস করেন। কৃষির আধুনিকায়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’, যা বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।

তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র, ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এবং ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে তিনি যুক্তফ্রন্ট গঠন করেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে ছিলেন আপসহীন। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তান সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-পাকিস্তান’ খেতাবে ভূষিত করে।

১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে এই মহান নেতা মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁকে সমাহিত করা হয়। একই স্থানে তিন নেতার মাজারে তাঁর সঙ্গে চিরনিদ্রায় শায়িত আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন।

এমবি এইচআর