ইউরোপ সফরে সরকারের ১০ কর্মকর্তা; বাস্তবে নেই সুফল, চলছে তীব্র বিতর্ক

Oct 26, 2025 - 13:49
 0  2
ইউরোপ সফরে সরকারের ১০ কর্মকর্তা; বাস্তবে নেই সুফল, চলছে তীব্র বিতর্ক

মেঘনাবার্তা প্রতিনিধি: কিশোরগঞ্জের ১০ উপজেলার ‘নদীতীর সুরক্ষা ও খাল খনন’ প্রকল্পের প্রশিক্ষণের জন্য নেদারল্যান্ডসে গেছেন পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের ১০ কর্মকর্তা। তাদের মধ্যে সাতজন নন-টেকনিক্যাল কর্মকর্তা থাকায় সরকারি অর্থে ইউরোপ সফরের বাস্তব সুফল সম্পর্কে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ২০ অক্টোবর থেকে ১০ দিনের এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও মন্ত্রণালয়ে সমালোচনা দেখা দিয়েছে। একটি সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেছেন, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে বিদেশ সফর সীমিত করেছে, তারপরও প্রভাবশালী ব্যক্তির তদবিরে সফর আয়োজন করা হয়েছে। প্রস্তাবনার প্রথম পর্যায়ে সাতজন নন-টেকনিক্যাল কর্মকর্তাকে তালিকায় অন্তর্ভুক্ত করার কারণে অনুমোদন দেয়া হয়নি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন জানান, নেদারল্যান্ডস দূতাবাস মূল প্রশিক্ষণ কম্পোনেন্ট যাচাই-বাছাই করে এই তালিকা করেছে এবং তিনি কাউকে মনোনয়ন দেননি। প্রকল্প পরিচালক মুহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, প্রশিক্ষণের ব্যয় প্রকল্পের মধ্যে ধরা হয়েছে এবং নেদারল্যান্ডস সরকারের কোনো ব্যয় নেই।

প্রশিক্ষণে গেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের তিন যুগ্ম সচিব, একজন উপসচিব, প্ল্যানিং ডিভিশনের তিন কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের চার প্রকৌশলী। প্রকল্পে ৬৫৪ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে, বাস্তব অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, আর্থিক অগ্রগতি ৪ শতাংশ।

প্রকল্পের উদ্দেশ্য হলো নদীতীর সুরক্ষা, ঢেউ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং খালের পুনঃখনন। প্রশিক্ষণের খরচ ধরা হয়েছে ৭০ লাখ টাকা। যদিও প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি কম, কর্মকর্তারা নেদারল্যান্ডসে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

এমবি/এসআর