সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Oct 28, 2025 - 15:52
 0  2
সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

মেঘনাবার্তা প্রতিনিধি: সরকারি মালিকানাধীন তেল প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) ১১৯ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এজাহার দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সুবেল আহমেদ।

মামলায় আসামি করা হয়েছে—

  • মো. মোশারফ হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন)

  • বেলায়েত হোসেন, ব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা)

  • আতিকুর রহমান, উপব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে কোম্পানির ১১৯ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ টাকা আত্মসাৎ করেছেন।
এসএওসিএলের পাওনা টাকা থাকা সত্ত্বেও তা ব্যাংকে জমা না করে হিসাব বইয়ে জমা দেখানো হয়। চেকগুলো ব্যাংকে জমা না দিয়েই আদায় দেখানো হয়, পরে ‘চেক প্রত্যাখ্যাত’ দেখিয়ে ফেরত দেওয়া হয়, ফলে প্রতিষ্ঠানটির অর্থ অনাদায়ী থাকে।

দুদকের তদন্তে আরও জানা যায়, তৎকালীন পরিচালক মঈন উদ্দিন আহমেদ নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এওসিএল) সঙ্গে ব্যবসা করেছেন, যা কোম্পানি আইন ১৯৯৪-এর ধারা ১০৫ অনুযায়ী অবৈধ। তবে চলতি বছরের ২৬ এপ্রিল তার মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হয়নি।

দুদকের মতে, তিন কর্মকর্তা প্রতিষ্ঠানের বিল ও ভাউচার জালিয়াতি করে স্বাক্ষর করেছেন, প্রকৃত আয় গোপন রেখেছেন এবং আত্মসাৎ করা অর্থ অন্যত্র স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন।

এমবি/এসআর