ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Nov 1, 2025 - 15:13
 0  4
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:
নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং কমিশনও সেই লক্ষ্যে কাজ করছে।

শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন গুজব ও বিভ্রান্তি ছড়ানো হলেও সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা প্রোপাগান্ডা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় নির্বাচন কমিশন দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তাহলে দেশের যেকোনো জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। ভোটগ্রহণকারীদের সততা ও দক্ষতা গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে।

বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।

এমবি এইচআর