প্রবীণদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : শারমীন মুরশিদ

বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক সম্পৃক্ততা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সারা দেশে এক হাজার প্রবীণ ক্লাব তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

Nov 1, 2025 - 20:53
 0  2
প্রবীণদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : শারমীন মুরশিদ
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:
বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক সম্পৃক্ততা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সারা দেশে এক হাজার প্রবীণ ক্লাব তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বিদেশি অর্থায়নে ৪০০টি এবং সরকারি উদ্যোগে আরও ৬০০টি ক্লাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শারমীন মুরশিদ বলেন, এই ক্লাবগুলোতে প্রবীণরা একঘেয়েমি থেকে মুক্তি পেতে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, চা খেতে পারবেন—যা তাদের মানসিক প্রশান্তি ও সামাজিক সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, কল্যাণরাষ্ট্র গড়তে নবীনদের সৃজনশীলতা ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয় জরুরি। সমাজের প্রান্তিক, বয়স্ক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব।

উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ে সুশাসন ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কার ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমে গতি আনা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ অনেকে।

এমবি এইচআর