চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী

Nov 2, 2025 - 11:25
 0  4
চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী

মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশ বিমানবাহিনী চীনের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। কর্মকর্তাদের আশা, এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য বড় মাইলফলক হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সভায় এই তথ্য জানা যায়। সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং সামরিক ও আধা-সামরিক বাহিনীর ব্যবহৃত পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে।

বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুই বছর আগে বাংলাদেশ অ্যারোনোটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডয়ন করা হয়েছে। এর উদ্দেশ্য ছিল নিজস্ব প্রযুক্তিতে প্রশিক্ষণ বিমান উদ্ভাবন এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামের চাহিদা রয়েছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে। চীনের ওভারহলিং প্রস্তাবের সঙ্গে বিদ্যমান সক্ষমতা ও জনবল মিলিয়ে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহল করা সম্ভব হবে, যা প্রতিবেশী দেশে একই ধরনের বিমান জনপ্রিয় হওয়ায় বিদেশি বিনিয়োগের সুযোগ আরও বাড়াবে।

এমবি/এসআর