আজ জেলহত্যা দিবস: জাতির শ্রেষ্ঠ চার নেতাকে স্মরণ
মেঘনাবার্তা প্রতিনিধি:
আজ সোমবার (৩ নভেম্বর) ঐতিহাসিক জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা—বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ সহকর্মী এই চার নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। নিরাপদ আশ্রয়ে থাকার কথা যাদের, সেই কারাগারেই তারা হন নির্মম হত্যাযজ্ঞের শিকার— যা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেও এক বিরল ঘটনা হিসেবে চিহ্নিত।
ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি মাসকারেনাস তাঁর বই ‘বাংলাদেশ: অ্যা লিগ্যাসি অব ব্লাড’-এ উল্লেখ করেন, বঙ্গবন্ধু হত্যার পরপরই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেন কোনো পাল্টা অভ্যুত্থান ঘটলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।
ঘটনার পর লালবাগ থানায় মামলা হলেও প্রায় ২১ বছর বিচারপ্রক্রিয়া থেমে ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার মামলাটি পুনরুজ্জীবিত করে। দীর্ঘ বিচার শেষে ২০০৪ সালে দায়রা জজ আদালত রায় ঘোষণা করে— যেখানে তিনজনের মৃত্যুদণ্ড ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে হাইকোর্ট কিছু আসামিকে খালাস দিলেও ২০১৩ সালে আপিল বিভাগ সেই রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রাখে।
জেলহত্যা দিবসে জাতি আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখা এই চার নেতাকে।
এমবি/এসআর

