ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রশাসক; দায়িত্ব নিলেন মো. মাহমুদুল হাসান

Nov 3, 2025 - 13:17
 0  2
ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রশাসক; দায়িত্ব নিলেন মো. মাহমুদুল হাসান

মেঘনাবার্তা প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহমুদুল হাসান, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকে অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে গত ২৯ অক্টোবর, ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়। তাকে কেন সরানো হলো, সেই বিষয় এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

নিয়োগকৃত নতুন প্রশাসককে দায়িত্ব গ্রহণের সাথে সাথে নগর প্রশাসন কার্যক্রম নির্বিঘ্নভাবে চালানোর দায়িত্ব থাকবে।

এমবি/এসআর