জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট
মেঘনাবার্তা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
সোমবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত জনস্বার্থমূলক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুবিধা প্রথমবারের মতো চালু হচ্ছে। যারা প্রবাসে থাকবেন এবং ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোটার নিবন্ধন করতে পারবেন। কত তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে, তা উদ্বোধনের দিনই জানানো হবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য ইসি ওয়েবসাইট www.ecs.gov.bd এবং ইউটিউব চ্যানেল @BangladeshECS পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।
এমবি/এসআর

