সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি নির্বাচনে মোতায়েন, হবে এসবির কঠোর ভেরিফিকেশন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী দায়িত্বের আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সদস্যদের ভেরিফিকেশন করবে।

Nov 3, 2025 - 17:18
 0  2
সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি নির্বাচনে মোতায়েন, হবে এসবির কঠোর ভেরিফিকেশন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী দায়িত্বের আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সদস্যদের ভেরিফিকেশন করবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না।

আজ (সোমবার) রাজধানীর ভাটারায় আনসার-ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল এবং নির্বাচনের সঙ্গে নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হবে। গত এক বছরে ১ লাখ ৪৫ হাজারের বেশি নতুন সদস্য যোগ দেওয়া হয়েছে এবং তাদের উদ্দেশ্যমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা দেশের জনগণের সেবা ও নিরাপত্তায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

মহাপরিচালক আরও বলেন, গ্রুপ ভিত্তিক মোতায়েনের পুরনো পদ্ধতি বন্ধ করা হয়েছে। মোতায়েনের সময় সকল সদস্যের তথ্য ডিজিটালভাবে রেজিস্ট্রেশন ও মনিটরিং করা হবে। সঠিকভাবে যাচাই-বাছাই না হওয়া কাউকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না।

সমাপনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমবি এইচআর