নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই: প্রেসসচিব
মেঘনাবার্তা প্রতিনিধি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড লোক। কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে এবং এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।’
গতকাল সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রেসসচিব আরও বলেন, ‘সারা দেশে ইতিমধ্যে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কিছু মিডিয়া টক শোতে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে—কাউকে ডেকে এনে মিথ্যা বক্তব্য প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায়ের জন্য স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ের সাংবাদিকদের শুধু কার্ড ধরিয়ে দেন।’
মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীদের একটি স্মারকলিপি তিনি গ্রহণ করেন এবং তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
এমবি/এসআর

