আজ শহীদ নূর হোসেন দিবস

Nov 10, 2025 - 15:26
 0  2
আজ শহীদ নূর হোসেন দিবস

মেঘনাবার্তা প্রতিনিধি:

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে তোলে এবং সামরিক শাসনের পতন ত্বরান্বিত করে।

বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান ধারণ করে নূর হোসেন গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পুলিশ গুলি চালালে তিনি শহীদ হন। তাঁর আত্মদানের পর আন্দোলন আরও তীব্র হয় এবং ধারাবাহিক গণআন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ১০ নভেম্বর একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত। এই দিনটি উপলক্ষে প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।

নূর হোসেন ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর আওয়ামী লীগের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অংশ নিতে গিয়ে রাজধানীর পল্টন এলাকায় পুলিশের গুলিতে তিনি ও যুবলীগ নেতা বাবুল শহীদ হন।

নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রের পথে নতুন অধ্যায় সূচনা করে। তাঁর শহীদ হওয়ার পর জিরো পয়েন্ট এলাকার নামকরণ করা হয় শহীদ নূর হোসেন চত্বর।

এমবি/এসআর