রাস্তাবন্ধ বিতর্কে জিএমপির কমিশনার নাজমুল খান সাময়িক বরখাস্ত
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ রেখে নিজে যাতায়াত করার অভিযোগে দুই মাস আগে তাকে পদ থেকে প্রত্যাহার করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন বলে বিবেচিত হওয়ায় সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাস্তা বন্ধ করে যাতায়াত করার অভিযোগ তীব্র সমালোচনার জন্ম দেয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা আদেশে তিনি জিএমপি কমিশনার পদ থেকে প্রত্যাহার হয়ে পুলিশ সদর দপ্তরে যোগ দেন।
এমবি এইচআর

