আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ
মেঘনাবার্তা প্রতিনিধি:
আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সংস্থাটি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় এ সুপারিশ করা হয়েছে। ফলে বছরের শেষ দিকে আবারও বাড়তে পারে তেলের দাম।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারিত হয় ১৮৯ টাকা। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলারের দর উর্ধ্বগতির কারণে আমদানি ব্যয় বেড়ে যায়। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার, আর পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার।
এই পরিস্থিতিতে প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের প্রস্তাব করেছে সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা থেকে বেড়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
এমবি/এসআর

