“এরা তো শিবির, নতুন ফোর্স লাগবে”: ফোনালাপে সমালোচনায় ডিসি মাসুদ
মেঘনাবার্তা প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ওপর লাঠিচার্জের পর তার সঙ্গে একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এরা তো শিবির তো স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে।”
সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা তৈরি হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দুটি এক্সকাভেটর নিয়ে ভাঙচুর করতে গেলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এর পরপরই সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং সন্ধ্যার দিকে জনতার ভিড় আরও বাড়ে। ওই সময় ডিসি মাসুদের ফোনালাপের ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটি ফেসবুক পেজ ভিডিওটি পোস্ট করে লিখেছে, “কোন আন্দোলন দমনের জন্য ‘শিবির ট্যাগ’ এখনো কার্যকর… ডিসি মাসুদ ধানমন্ডি-৩২ রক্ষার জন্য আন্দোলনকারীদের শিবির বলে আখ্যায়িত করে অনুমোদন নিয়েছেন।”
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা সামাজিক মাধ্যমে তাকে সমালোচনা করছেন। যদিও তাকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ডিসি মাসুদ তা রিসিভ করেননি।
ডিসি মাসুদকে ঘিরে এর আগেও বিতর্ক হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার হাতে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি প্রকাশ পায়। তবে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের ওপর গুলি না চালিয়ে সাহস জুগিয়েছিলেন। সেই সময়ের ভিডিওতে তিনি বলেছিলেন, “যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, তাহলে আমি আছি। আমার উপর দিয়ে যাইতে হবে। আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে।”
ডিসি মাসুদ বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক ও গণ-আন্দোলনে দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশংসিত হয়েছেন। ২০২৪ সালের মে মাসে, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে নামলে তিনি সরাসরি ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন।
মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে দায়িত্ব পালন করেছেন, পরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ডিএমপিতে বদলি হয়ে রমনা বিভাগের ডিসি হিসেবে যোগ দেন।
এমবি/এসআর

