পদে থেকে উপদেষ্টারা ভোট দিতে পারবেন না: ইসি সানাউল্লাহ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য বর্তমান পদে বহাল থাকাকালীন ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি পরিষ্কারভাবে বলেন, ‘আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।’

Dec 7, 2025 - 20:27
 0  3
পদে থেকে উপদেষ্টারা ভোট দিতে পারবেন না: ইসি সানাউল্লাহ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য বর্তমান পদে বহাল থাকাকালীন ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি পরিষ্কারভাবে বলেন, ‘আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।’

রোববার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তপশিল ঘোষণার পরবর্তী করণীয় প্রসঙ্গে তিনি বলেন, তপশিল ঘোষণার দিন সন্ধ্যায়ই মাঠ পর্যায়ে সমন্বয় সভা হবে। নির্বাচন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনে তপশিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি জানান, ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছাবে। ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে। তবে নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকতে পারে।

উপদেষ্টা পরিষদ সম্পর্কিত নির্দেশনায় ইসি সানাউল্লাহ বলেন, তপশিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না।

তিনি আরও জানান, ভোটের কাজে সরকারি, আধা সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োজিত করা হবে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচন কাজে না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসি।

এমবি এইচআর