পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।

Dec 10, 2025 - 18:22
 0  3
পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় সংবাদ ব্রিফিংয়ের ঘোষণা দিয়েছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজন উপদেষ্টা পরিষদে স্থান পান। তাদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পান এবং পরে তার দায়িত্বে শ্রম মন্ত্রণালয়ও যুক্ত হয়। শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থাকা মাহফুজ আলম পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্বে যুক্ত হন। অন্যদিকে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘনিয়ে আসার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের আলোচনা জোরদার হচ্ছিল।

এর মধ্যে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তবে কোন দল বা আসন থেকে তিনি নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণার দায়িত্ব প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাবে।

এমবি এইচআর