মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি উন্নত চিকিৎসায় আজ সিঙ্গাপুর যাচ্ছেন

মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে।

Dec 15, 2025 - 11:55
 0  2
মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি উন্নত চিকিৎসায় আজ সিঙ্গাপুর যাচ্ছেন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার রাতে এ তথ্য জানিয়েছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে রোববার এক জরুরি টেলিফোন কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। ওই বৈঠকেই সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

প্রেস উইং জানায়, এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে উল্লেখ করে প্রেস উইং জানায়, তার চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।

এমবি এইচআর