জয়শঙ্কর ও আয়াজ সাদিকের সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎ
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আগত বিদেশি অতিথিদের সঙ্গে শোক ও সমবেদনার বিষয়টি গুরুত্ব পায়। উপদেষ্টারা এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য সফররত নেতৃবৃন্দের উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় আঞ্চলিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তাও বিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্র, কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় উপস্থিত রয়েছেন।
এমবি এইচআর

