এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং প্রতিটি সিদ্ধান্ত আইন ও বিধি অনুযায়ী গ্রহণ করা হবে।

Jan 8, 2026 - 12:17
 0  3
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং প্রতিটি সিদ্ধান্ত আইন ও বিধি অনুযায়ী গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, যেসব প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের আবেদন আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং সবাই ন্যায়বিচার পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে এবং আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনের আলোকে সিদ্ধান্ত দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে আসছেন। চলতি আপিল গ্রহণ কার্যক্রম ৫ জানুয়ারি শুরু হয়ে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪১টি আবেদন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭২৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এমবি এইচআর