জাকসু নির্বাচন: আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ
পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আরেক নির্বাচন কমিশনার। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
নিজস্ব প্রতিবেদক: পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আরেক নির্বাচন কমিশনার। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেয়া ওই নির্বাচন কমিশনারের নাম ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির নৃবিজ্ঞান বিভাগের প্রতিনিধি ছিলেন।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।
ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ও সাংবাদিকদের জানানো হবে।
এদিকে ভোটগ্রহণের ৪৫ ঘণ্টা পার হলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। তিনি জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়। সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। যার মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী। অন্যদিকে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ৬ জন।
উল্লেখ্য, ইতোমধ্যে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল-সমর্থিত প্যানেল। এছাড়াও আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
এমবি এইচআর

