গণভোটকে সংবিধানবিরোধী আখ্যা, ‘না’ ভোটের ডাক জিএম কাদেরের

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

Jan 21, 2026 - 12:15
 0  2
গণভোটকে সংবিধানবিরোধী আখ্যা, ‘না’ ভোটের ডাক জিএম কাদেরের
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, এ পর্যন্ত ১৯৬ আসনে দলের প্রার্থীরা বৈধতা পেয়েছেন। এর মধ্যে ছয়জন নারী প্রার্থী রয়েছেন। আরও দুই থেকে তিনজন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন বলে জানান তিনি। সে ক্ষেত্রে মোট ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির।

সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির প্রার্থীদের বিভিন্নভাবে বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’

গণভোট ও সংস্কার প্রস্তাব প্রসঙ্গে জিএম কাদের বলেন, স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হয়েছে। তার ভাষায়, ‘দেশ পরিচালনার জন্য ব্যক্তিগত ক্ষমতা প্রয়োজন। ক্ষমতা না দিলে কোনোভাবেই দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব নয়।’

সবশেষে তিনি গণভোট প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করে এবং জনগণকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানায়।

এমবি এইচআর