জুলাই সনদে সই না করলেও প্রভাব পড়বে না, ভবিষ্যতে সইয়ের আশা বিএনপির: সালাহউদ্দিন আহমদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি বাম দলের জুলাই সনদে সই না করা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব দল ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি বাম দলের জুলাই সনদে সই না করা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব দল ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মনে করেন, এতে আসন্ন জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। দিনটি ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার জানা মতে, এনসিপি এবং তিন-চারটি বাম দল সই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। আমি বলব না যে তারা সই করেনি, বরং এখনো সই করার সুযোগ রয়েছে। আশা করি ভবিষ্যতে তারা যুক্ত হবে। এতে করে আগামী নির্বাচনে কোনো বড় প্রভাব পড়বে না।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে সবাই একমত হবে—এটা প্রত্যাশিত নয়। ভিন্নমত থাকতেই পারে। হয়তো তাদের কিছু দাবি আছে, যা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হবে। এরপর তারা সনদে সই করবে বলে আমি বিশ্বাস করি।’
‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ওই সংঘর্ষে প্রকৃত জুলাই যোদ্ধারা জড়িত ছিল না। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় বিশৃঙ্খলার চেষ্টা করেছে।’
উল্লেখ্য, গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ–২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সই করেছে। সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও।
তবে এনসিপি, সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদসহ কয়েকটি দল এ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সনদে সই করেনি। গণফোরামও উপস্থিত থেকেও সই থেকে বিরত থাকে।
তবে রাজনৈতিক সূত্র জানায়, এসব দল চাইলে পরবর্তী সময়ে সনদে যোগ দিতে পারবে।
এমবি এইচআর

