তোফায়েল আহমেদের বাসভবনে জামায়াতের আমির

শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার রাজধানীর উত্তরার বাসভবনে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Oct 18, 2025 - 20:49
 0  3
তোফায়েল আহমেদের বাসভবনে জামায়াতের আমির
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার রাজধানীর উত্তরার বাসভবনে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ অক্টোবর) সকালে তিনি মরহুম অধ্যাপকের বাসায় পৌঁছান। সেখানে তিনি তোফায়েল আহমদের স্মৃতিবিজড়িত লাইব্রেরি ও পড়ার কক্ষে কিছু সময় অতিবাহিত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল আহমদ জীবনের শেষ সময়ে অন্তর্বর্তী সরকারের অর্পিত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তিনি স্থানীয় সরকার সংস্কার বিষয়ে একটি বিস্তৃত সুপারিশ প্রণয়ন করেছিলেন, যা জীবদ্দশায় বাংলায় প্রকাশিত হয়। জামায়াত আমির সেই বইয়ের কপিটি গভীর মনোযোগে পর্যালোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনি সাজফা বিনতে সরওয়ার। জামায়াত আমির তাদের খোঁজখবর নেন এবং শোক প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমানের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এমবি এইচআর