৫ দফা দাবিতে জামায়াতসহ সমমনা দলগুলোর নতুন কর্মসূচি ঘোষণা
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চতুর্থ দফায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর দেশের সব জেলা ও উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সম্মিলিতভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
দলগুলোর ৫ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের আয়োজন,
২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু,
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আলী, খেলাফত মজলিসের ড. আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম।
এমবি এইচআর

