জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বংশাল থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Oct 20, 2025 - 18:47
 0  2
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বংশাল থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর তাঁতিবাজার মোড় অবরোধ করে বংশাল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি, শুধু ন্যায়ের দাবিতে এখানে অবস্থান নিয়েছি। আমাদের ভাই জুবায়েদ হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই।”

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সক্রিয় কর্মী ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত বংশাল থানার কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জুবায়েদের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে একটি টিম গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এমবি এইচআর