নির্বাচনে শতাধিক আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এর মধ্যে শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত প্রায় ৫০টি আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। ইতোমধ্যে ৩৯টি আসন চূড়ান্ত করা হয়েছে, আরও ১১টি আসন প্রক্রিয়াধীন রয়েছে।

Oct 22, 2025 - 17:11
 0  3
নির্বাচনে শতাধিক আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এর মধ্যে শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত প্রায় ৫০টি আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। ইতোমধ্যে ৩৯টি আসন চূড়ান্ত করা হয়েছে, আরও ১১টি আসন প্রক্রিয়াধীন রয়েছে।

দলের একাধিক সূত্র জানিয়েছে, যেসব আসনে জামায়াত অতীতে জয়ী হয়েছে বা শক্ত অবস্থানে আছে, সেসব এলাকায় প্রার্থীদের প্রচার ও সংগঠন কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মাঠ জরিপের মাধ্যমে প্রতিটি আসনের সম্ভাবনা যাচাই করছে কেন্দ্রীয় কমিটি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে লড়ছেন, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে, দ্বিতীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে, আর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

এ ছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী), মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া), এবং নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগে জামায়াতের বিশেষ নজর রয়েছে। চট্টগ্রামের সাতটি, কুমিল্লার ছয়টি এবং সিলেট বিভাগের নয়টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, “জামায়াত আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন, তবে চূড়ান্ত তালিকা এখনো সম্পন্ন হয়নি।”

এদিকে, পূর্বতন যুদ্ধাপরাধ মামলার আসামিদের সন্তানরাও এবার প্রার্থী হয়েছেন, যার মধ্যে রয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমিন (পাবনা-১), দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ ও শামীম সাঈদী (পিরোজপুর-১ ও ২), এবং মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন আরমান (ঢাকা-১৪)।

জামায়াত সূত্র জানায়, নির্বাচনের বাকি সাড়ে তিন মাসে শতাধিক আসনে জয় নিশ্চিত করতে সর্বাত্মক কৌশলগত প্রচার চালানো হচ্ছে।

এমবি এইচআর