নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী হবেন কে জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী— সেই প্রশ্নের জবাব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Oct 24, 2025 - 16:34
 0  3
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী হবেন কে জানালেন মির্জা ফখরুল
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী— সেই প্রশ্নের জবাব দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি অংশ নিতে পারেন এবং শারীরিকভাবে সক্ষম থাকেন, তবে তিনিই প্রধানমন্ত্রী হবেন। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করবে তাঁর স্বাস্থ্যের ওপর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, আসন্ন নির্বাচনের প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি। দলটি এবার মাঠ পর্যায়ের পাশাপাশি অনলাইনেও সংগঠিতভাবে প্রচার কার্যক্রম চালাতে ‘বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক’ (বিজিএন) নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করছে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল শক্তিকে সুসংগঠিত করা, অনলাইন প্রচার জোরদার করা এবং অপপ্রচার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিজিএনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। দলটির পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি বিজিএনের কার্যক্রম পরিচালনা করবে। প্রত্যেক কেন্দ্রীয় নেতা ২০টি আসনের দায়িত্বে থাকবেন। দেশের ৩০০টি আসনে দুজন করে ৬০০ অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে, যারা তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং মাসিক সম্মানী পাবেন।

বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল সাংগঠনিক সক্ষমতা বাড়বে এবং অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিক বার্তা আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রচার নেটওয়ার্কের প্রভাব মোকাবিলায় এটি হবে দলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এমবি এইচআর