শেখ হাসিনার হুঁশিয়ারি: নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে ‘জাতীয় নির্বাচন বর্জন’

সাক্ষাৎকারে হাসিনা বলেন, “আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, আত্মঘাতীও।”

Oct 29, 2025 - 15:46
Oct 29, 2025 - 15:49
 0  3
শেখ হাসিনার হুঁশিয়ারি: নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে ‘জাতীয় নির্বাচন বর্জন’

মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দিলে তার দলীয় লক্ষ লক্ষ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে। নয়াদিল্লিতে নির্বাসন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, “আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, আত্মঘাতীও।”

৭৮ বছর বয়সী এই নেতা জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত কোনও সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

হাসিনাকে অপসারণের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

হাসিনা বলেন, “লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা মানে গণতন্ত্রকে হত্যা করা।” তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ‘সাধারণ জ্ঞানের জয়’ হবে এবং তার দল নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাবে।

এর আগে ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করা হয়েছিল। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে দলীয় কার্যক্রম বন্ধ করা হয়।

হাসিনা অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলা “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” এবং তিনি কোনও সহিংসতার নির্দেশ দেননি।

তিনি বলেন, “আমি অবশ্যই দেশে ফিরতে চাই, কিন্তু সেটি হবে তখনই যখন বৈধ সরকার প্রতিষ্ঠিত হবে, সংবিধান ও আইনের শাসন ফিরবে।”

এমবি/এসআর