গণভোট বানচালে বিএনপির চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, গণভোট বাস্তবায়নের আগেই বিএনপি তা বানচালের চেষ্টা করছে।

Oct 29, 2025 - 16:21
 0  2
গণভোট বানচালে বিএনপির চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, গণভোট বাস্তবায়নের আগেই বিএনপি তা বানচালের চেষ্টা করছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের পরই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি বানচাল করতে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে, যার অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। তিনি জানান, “টাইম ফ্রেম নিয়ে আমরা কোনো নির্দিষ্ট অবস্থান নিচ্ছি না। গণভোটের পর যে নির্বাচন হবে, সেটির মাধ্যমে গঠিত রিফর্ম অ্যাসেম্বলি একসঙ্গে দুটি দায়িত্ব পালন করবে—জুলাই সনদের বাস্তবায়ন এবং সংসদের নিয়মিত কার্যক্রম।”

তিনি আরও বলেন, গণভোট আগে না পরে হবে—এ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে। “আমরা মনে করি, এই বিতর্ক আসলে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে এক ধরনের মন্দযুদ্ধ, যার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে,” বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গণঅভ্যুত্থানকে ভিত্তি করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণঅভ্যুত্থানের সরকার হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ মিনারে জনগণের সামনে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করবেন। “জনগণের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের সামনেই দিতে হবে,” যোগ করেন তিনি।

এমবি এইচআর