বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি যদি গণভোটে ‘না’ ভোট দেয়, তাহলে পুরো গণভোটই অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি যদি গণভোটে ‘না’ ভোট দেয়, তাহলে পুরো গণভোটই অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি মনে করেন, এমন পরিস্থিতিতে গণভোটের রায় নিয়ে দেশে নতুন রাজনৈতিক সংকট দেখা দিতে পারে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
দুদু বলেন, দীর্ঘ আলোচনা ও সংলাপের পর জাতীয় ঐকমত্য কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক থাকায় ঐকমত্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি হয়েছে। তাঁর মতে, সংসদীয় আলোচনার বাইরে এভাবে জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো নজির বিশ্বে নেই।
তিনি আরও বলেন, অনেক দেশ ও গোষ্ঠী চায় না বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক। যারা অতীতে গণহত্যা চালিয়েছে ও লুটপাট করে বিদেশে পালিয়েছে, তারাই সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।
দুদু দাবি করেন, নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে কোনো টানাপোড়েন নেই, বরং একটি প্রভাবশালী মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত।
এমবি এইচআর

