অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু একটি মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।</span>
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় এক বছর আলোচনার পর যে সমঝোতা হয়েছে, সেটি বৃষ্টিতে ভিজে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, কিন্তু সরকার সেই আস্থার মর্যাদা রাখেনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কার চায় না— এমন প্রচার জনগণকে বিভ্রান্ত করার জন্যই চালানো হচ্ছে। তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবের বিরোধিতা করে বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান— জনগণের দাবি অবাধ নির্বাচন; কেউ যেন সে পথে বাধা না দেয়।
বিএনপি মহাসচিবের দাবি, রাজনৈতিক দল নয়, বরং ঐকমত্য কমিশনই এখন বিভ্রান্তি সৃষ্টি করছে।
এমবি এইচআর

