জামায়াত একাত্তরকে অস্বীকার করে, চব্বিশকে বড় করতে চায়: মির্জা ফখরুল
মেঘনাবার্তা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ২৪ জুলাইয়ের আন্দোলনকে বড় করতে চায়। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা ১৫ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট শক্তি প্রতিহত করতে সংগ্রাম করেছি। এখন কেউ এককভাবে নেতৃত্ব দাবি করলে আমরা তা মেনে নেব না। ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় কিছু শক্তি, কিন্তু আমাদের লক্ষ্য গণতন্ত্র রক্ষা করা।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “আমরা বিভাজন চাই না, কিন্তু পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভাজন ঘটাতে চায়।”
সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এবং অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এমবি/এসআর

