৩০০ আসনে প্রার্থী দিতে চায় এনসিপি, ঢাকায় লড়বেন নাহিদ

Nov 2, 2025 - 15:37
 0  2
৩০০ আসনে প্রার্থী দিতে চায় এনসিপি, ঢাকায় লড়বেন নাহিদ

মেঘনাবার্তা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবকটি ৩০০ আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজেও ঢাকা থেকে প্রার্থী হচ্ছেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, “৩০০ আসন ধরে আমরা এগোচ্ছি। কে কোন আসনে দাঁড়াবে, তার তালিকা এই মাসের মধ্যেই প্রকাশ করব।”

তিনি অভিযোগ করেন, “বিভিন্ন মহল থেকে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো নিজেদের অদক্ষতায় আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে।”

নাহিদ ইসলাম বলেন, “সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণ-অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে, ততদিন বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতলই থাকবে।”

তিনি আরও মন্তব্য করেন, “জুলাই সনদ স্বাক্ষরের দিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো ঐক্যের সুযোগ আছে।”

এমবি/এসআর