আসন্ন জাতীয় নির্বাচনে তিন আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে লড়বেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে লড়বেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

