মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী ময়দানে ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

Nov 4, 2025 - 14:06
 0  2
মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী ময়দানে ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

মাজার জিয়ারত শেষে তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি তাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে, যা বিশ্বনাথ–ওসমানীনগরের মানুষের আশার প্রতীক। এখন সময় এসেছে সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি মাঠে নেমেছি। আমার স্বামী এম. ইলিয়াস আলী গণমানুষের রাজনীতি করতেন, আমি সেই রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।”

তিনি আরও বলেন, ইলিয়াস আলী সিলেট-২ আসনে যে উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে এলাকার মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই তার অঙ্গীকার।

এ সময় তাহসিনা রুশদীর লুনার সঙ্গে জেলা বিএনপি, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমবি এইচআর