জোট নয়, এককভাবেই নির্বাচনে যাচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

Nov 5, 2025 - 17:25
 0  2
জোট নয়, এককভাবেই নির্বাচনে যাচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের লক্ষ্য ৩০০ আসনেই শাপলা কলির প্রতীক নিয়ে লড়া। তবে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা লড়েছেন, তাঁদের প্রতি সম্মান জানিয়ে কিছু আসনে প্রার্থী না দেওয়ার সম্ভাবনাও রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এখানে যাদের টাকা আছে, যারা প্রভাবশালী বা গডফাদার—তারাই সাধারণত প্রার্থী হন। এনসিপি এই সংস্কৃতি বদলাতে চায়। আমরা এমন প্রার্থী দিতে চাই, যিনি জনগণের পাশে থাকেন এবং এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য।”

জোট বা সমঝোতার বিষয়ে নাহিদ ইসলাম জানান, “জুলাই সনদে উত্থাপিত সংস্কার দাবির সঙ্গে যদি কোনো দল একমত হয়, তাহলে রাজনৈতিক বা আদর্শিক দিক থেকে আমরা জোট গঠনের বিষয়টি বিবেচনা করতে পারি।”

তিনি আরও জানান, এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এমবি এইচআর