ঝিনাইদহ-২: বিএনপির শক্ত ঘাঁটিতে অনিশ্চয়তা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করলেও ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দুঃখ ও হতাশার সৃজন হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করলেও ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দুঃখ ও হতাশার সৃজন হয়েছে। ঝিনাইদহের চারটি আসনের মধ্যে এখনও ঝিনাইদহ-১, ২ ও ৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি থাকায় গুঞ্জন উঠেছে, ঝিনাইদহ-২ আসনটি শরিক মিত্র দলের জন্য রাখা হতে পারে।
এই আসনে প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম আলোচনায় থাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে আশঙ্কা এবং বিরক্তি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-২ দীর্ঘদিন ধরে বিএনপির সবচেয়ে শক্তিশালী এবং ঐতিহ্যবাহী দুর্গ হিসেবে পরিচিত। এই আসনের রাজনীতির ভিত্তি গড়ে উঠেছে তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, সংগ্রাম এবং দীর্ঘ আন্দোলনের ওপর।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি যদি এ আসনে প্রার্থী না দিয়ে শরিক দলকে স্থান দেয়, তাহলে দলীয় ভিত্তি এবং জনসমর্থনে বড় ধাক্কা লাগতে পারে। কারণ গত ১৭ বছর ধরে যারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে দলকে শক্তিশালী রেখেছেন, তাদের অবহেলা হলে দল ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বলেন, “ঝিনাইদহ-২ আসনে বহু পরিবারের সদস্য বছরের পর বছর দলের রাজনীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই হামলা-মামলা, জেল খেটেছেন, দোকান-পাট পুড়েছে। অথচ কেউ দল ছাড়েনি। এখন যদি শরিক দলের জন্য আসন ছেড়ে দেয়া হয়, তাহলে তাদের প্রতি অন্যায় হবে।”
জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ জানান, “৫ আগস্ট পরিপ্রেক্ষিতে কিছু এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, তবে ঝিনাইদহে এমন ঘটনা ঘটেনি। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় কাজ করছেন। তাই মিত্র দলের কাউকে মনোনয়ন দিলে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়বে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, “আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এসেছে। তাই ঝিনাইদহ-২ আসন থেকে অবশ্যই বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত।”
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে এসে আশ্বাস দিয়েছেন যে, ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।”
এমবি এইচআর

