নির্বাচনের আগে গণভোট নয়, কথা ক্লীয়ার! মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। তিনি জানান, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট চাইলেও বিএনপি স্পষ্টভাবে বলেছে—গণভোট হবে নির্বাচনের দিনেই।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। তিনি জানান, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট চাইলেও বিএনপি স্পষ্টভাবে বলেছে—গণভোট হবে নির্বাচনের দিনেই। সাধারণ মানুষ এসব জটিল বিষয় বোঝে না; শিক্ষিত কিছু মানুষ বাইরে থেকে এসব ধারণা চাপিয়ে দিচ্ছে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে যে সংকট দেখা যাচ্ছে, তার অনেকটাই তৈরি করা এবং নাটকীয়। জনগণ এসব নিয়ে ভাবেন না; তারা শুধু ভোট দিতে চান—নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার চান। বর্তমান সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের কষ্টও তারা বোঝে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রির নিশ্চয়তা দেওয়া হবে এবং ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রসঙ্গ টেনে বলেন, ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে জনগণকে নির্বাচন করতে হবে।
আগামী নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট চান। তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিএনপি দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে চায়।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আবদুল হামিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি চিলাংর ইউনিয়নের আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন।
এমবি এইচআর

