‘আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি প্রভাব বিস্তার এবং প্রশাসন নিয়ন্ত্রণের দাবি করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি প্রভাব বিস্তার এবং প্রশাসন নিয়ন্ত্রণের দাবি করেছেন।
ভিডিওতে তিনি বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, নির্বাচনী এলাকায় প্রশাসনের সবাইকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। তার কথায় প্রশাসন কাজ করবে, মামলা করবে এবং গ্রেপ্তার করবে। তিনি আরও বলেন, “আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বাস করে।”
গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে তিনি এই বক্তব্য দেন। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে তীব্র আলোচনা শুরু হয়। জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে।
শাহজাহান আরও জানান, ১৮ বছরের মধ্যে ৯ বছর তিনি জেল খেটেছেন, টাকা-পয়সা বা পারিবারিক সুবিধা চাননি, বরং মানুষের দুয়ারে এসে রাজনীতি করছেন। তিনি এলাকাকে সম্মান জানান এবং উল্লেখ করেন, এলাকার রাজনীতি এখন ‘দাঁড়িপাল্লা’ কেন্দ্রিক।
এমবি এইচআর